করোনা পরবর্তী সময়ে জনগণের মধ্যে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বিষয়ে জনস্বাস্থ্য মোর্চা দুটি হাসপাতালে (সুন্দরবন এবং বেলুড় শ্রমজীবী হাসপাতাল) রোগীদের মধ্যে সমীক্ষা চালায়। সেই সমীক্ষার রিপোর্ট আমরা পুস্তকাকারে প্রকাশ করেছি। করোনা পরবর্তী সময়ে সরকার জনতার মধ্যে বিভিন্ন অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ করা বন্ধ রেখেছে। তাই অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বিষয়ে পপুলেশন স্টাডি করার উদ্দেশ্যে আমরা হালিশহর ও কামালগাজীতে স্বাস্থ্য সমীক্ষার কাজ শুরু করি। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি হেল্থ ক্যাম্পে আসা রোগীদের খাদ্যাভ্যাস, হাইজিন, সঠিকভাবে কম মূল্যে বা বিনা মূল্যে ওষুধ জোগাড় করার পরামর্শ দিয়ে থাকে আমাদের স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্য কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণের শিবির চলেছে জনস্বাস্থ্য মোর্চা ও হালিশহর বিজ্ঞান পরিষদের যৌথ উদ্যোগে। কামালগাজিতে স্থানীয় মানুষদের মধ্যে থেকে স্বাস্থ্য শিবিরে ভলান্টিয়ার ও স্বাস্থ্যকর্মী তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। কামালগাজী জনস্বাস্থ্য শিবির থেকে উঠে আসা কিছু প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।